ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্র ও এর প্রধান ইউরোপীয় মিত্রদেশগুলোর বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে ফ্রান্সের ইঙ্গিতের পর পরই এমন সম্ভাবনার কথা নাকচ করে দিলেন ন্যাটো প্রধান। খবর আল জাজিরা।
জেনস স্টলটেনবার্গ বলেন, "ইউক্রেনের মাটিতে ন্যাটোর যুদ্ধ সৈন্যদের জন্য কোন পরিকল্পনা নেই"। তবে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন রয়েছে বলে জানান ন্যাটো প্রধান।
এর আগে গত সোমবার এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার বিজয় ঠেকানোর কোনো বিকল্পই পশ্চিমা দেশগুলোর বাদ রাখা উচিত হবে না’।
যদিও তিনি গুরুত্ব দিয়ে বলেন, ‘এ বিষয়ে এই মুহূর্তে দেশগুলোর মধ্যে সর্বসম্মত কোনো মত নেই। আজ কোন ঐকমত্য নেই যে একটি অফিসিয়াল, অনুমোদিত পদ্ধতিতে স্থলে সৈন্য পাঠানোর বিষয়ে। তবে গতিশীলতার দিক থেকে, কিছুই উড়িয়ে দেওয়া যায় না’।
এদিকে ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে ফ্রান্সের এমন ইঙ্গিতে সতর্ক করে রাশিয়া। এ বিষয়ে ক্রেমলিন বলেছে, “এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে, তা নিশ্চিতভাবেই রাশিয়া ও ন্যাটোর মধ্যে বিবাদের সূচনা করবে“।
প্যারিসে হুট করে ডাকা ইউরোপীয় নেতাদের এক বৈঠকে প্রেসিডেন্ট মাখোঁ এ মন্তব্য করেন। কিয়েভের প্রতি ঝিমিয়ে পড়া সমর্থন চাঙা করার লক্ষ্যে এ বৈঠক আহ্বান করা হয়।
তবে জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, পোল্যান্ড ও চেক রিপাবলিকের নেতারা ইউক্রেনে সেনা পাঠানোর আভাস নাকচ করে দেন।
পরবর্তীতে হোয়াইট হাউসও জানায় যে, তাদেরও ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই। এর বদলে তারা ইউক্রেনের প্রতি সমর্থন ও সহায়তা বজায় রাখবে।