বৃহস্পতিবার থেকে ওয়েলিংটনে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ মার্চ থেকে। তার আগে সুখবর দিলেন কেইন উইলিয়ামসন।
কিউই তারকা বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও নবজাতকের সঙ্গে নিজের ছবি পোস্ট করে জানান দেন যে, তৃতীয় সন্তানের পিতা হলেন তিনি।
উইলিয়ামসন নিজের ইনস্টাগ্রাম পোস্টে এটাও নিশ্চিত করেন যে, তার স্ত্রী সারা রহিম এবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। উইলিয়ামসন নিজের বার্তায় লেখেন, ‘পৃথিবীতে স্বাগত মিষ্টি মেয়ে। নিরাপদে ভূমিষ্ট হওয়ার জন্য কৃতজ্ঞ। রোমাঞ্চকর যাত্রা শুরু।’
কেইন উইলিয়ামসন তৃতীয় সন্তানের পিতা হলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের হাই-ভোল্টেজ টেস্ট সিরিজের ঠিক আগে। বৃহস্পতিবার থেকে ওয়েলিংটনে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৮ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট।
বিরাট কোহলি দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী-র পাশে থাকতে ভারত-ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ান। তবে উইলিয়ামসন নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন। স্বাভাবিকভাবেই সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলতে অসুবিধা নেই তাঁর। যদিও তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী-র পাশে থাকতে উইলিয়ামসন গত টি-২০ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।