অভিনেতার বাসা থেকে অনুমোদনহীন ৭২ আগ্নেয়াস্ত্র উদ্ধার

কিংবদন্তি অভিনেতা অ্যালাইন ডেলনের বাড়ি থেকে ৭২টি আগ্নেয়াস্ত্র এবং ৩ হাজার রাউন্ডের বেশি গোলাবারুদ জব্দ করেছে ফ্রান্স পুলিশ। প্যারিস থেকে প্রায় ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) দক্ষিণে ডুচি-মন্টকরবনে অভিনেতার বাড়িতে একটি শুটিং রেঞ্জও পাওয়া গেছে। খবর বিবিসির।

মঙ্গলবার আদালত-নিযুক্ত কর্মকর্তা ডেলনের বাড়িতে একটি অস্ত্র লক্ষ্য করেন। পরে একজন বিচারককে সতর্ক করার পর তিনি বাড়ি তল্লাশির নির্দেশ দেন।

আইনজীবীরা বলছেন, ডেলনের কাছে বন্দুক রাখার অনুমতি ছিল না।

ফ্রান্সের গণমাধ্যমসূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এই তারকা অসুস্থ ছিলেন। ২০১৯ সালে স্ট্রোক করেন তিনি। এছাড়াও অন্য একটি গুরুতর অসুস্থতায় ভুগছেন তিনি। তার পরিবারের ভাঙ্গন নিয়েও ফ্রান্সের গণমাধ্যম সংবাদ প্রচার করেছে।

৮৮ বছর বয়সী এই অভিনেতা ছিলেন ফরাসি সিনেমার সোনালী যুগের একজন তারকা, যিনি দ্য সামুরাই এবং বোর্সালিনোর মতো হিট সিনেমাতে তার কঠিন ব্যক্তিত্বের জন্য পরিচিত।

ডেলন সর্বশেষ জনসম্মুখে এসেছিলেন ২০১৯ সালে। কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পালমে ডি'অর পেয়েছিলেন তিনি।