ফাইনালের আগে সবুজ সংকেত পেলেন ফিজ

রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের চলমান আসরের ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে শুক্রবার (১ মার্চ) মাঠে নামবে চারবারের চ্যাম্পিয়নরা। শিরোপা নির্ধারণী ম্যাচটির আগে বড় সুখবর পেয়েছে কুমিল্লা। ফাইনালে খেলার জন্য সবুজ সংকেত পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

তবে মোস্তাফিজকে নিয়ে কোনোপ্রকার ঝুঁকি নেয়নি কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ তাকে ছাড়াই খেলেছে। এবার ফাইনালে খেলার সবুজ সংকেত পেয়েছেন তারকা পেসার।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'মোস্তাফিজ এখন ভালো আছে, আজকে (মঙ্গলবার) তাকে ডাক্তার দেখেছে। সেলাই খুলে দেওয়া হয়েছে। ফাইনালে খেলতে বাধা নেই আর। সে ফাইনালে খেলতে পারবে।'

গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান মুস্তাফিজ। রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যানের পরে যদিও স্বস্তি মিলেছিল। বাহ্যিক চোটই পেয়েছিলেন দ্য ফিজ। ২০ ফেব্রুয়ারি তাকে হাসপাতাল ছেড়ে ঢাকার টিম হোটেলে যোগদানের ছাড়পত্র দেওয়া হয়।