৫৮ বছরে অন্তঃসত্ত্বা প্রয়াত পাঞ্জাবি গায়কের মা

বাবা-মায়ের একমাত্র সন্তান, পাঞ্জাবি সঙ্গীতশিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা ২০২২ সালের ২৯ মে গুলিতে নিহত হন। ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছিলেন তার মা চরণ কৌর। কিন্তু বাঁচতে হবে। সেই বাঁচার তাগিদেই প্রায় অসাধ্য সাধন করলেন। ৫৮ বছর বয়সে মা হতে চলেছেন সিধু মুসেওয়ালার মা। এমনই খবর জানা গেছে।

শোনা গেছে, আইভিএফের মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়েছে চরণ কৌর। এর জন্য বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন তারা। অনেক চেষ্টার পর সাফল্য মেলে। ৫৮ বছর বয়সে ফের গর্ভ ধারণ করেন চরণ। এবার সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তিনি ও তার পরিবার।

সূত্রের খবর, মার্চ মাসেই সন্তানের জন্ম দেবেন সিধু মুসেওয়ালার মা।

পাঞ্জাবের মানসা জেলার মুসা গ্রামে জন্ম সিধুর। জন্মসূত্রে তার নাম শুভদীপ সিং সিধু। ছোটবেলা থেকেই র‍্যাপ আর হিপহপ গানের প্রতি টান অনুভব করতেন। পড়াশোনার জন্যই গিয়েছিলেন কানাডা। তার পাশাপাশি গানও করতেন। ২০১৭ সালে প্রথম গান ‘জি ওয়াগন’ রিলিজ করেন। ধীরে ধীরে খ্যাতির শিখরে পৌঁছে যান।

নিজের গ্রাম মুসাকে শ্রদ্ধা জানাতেই সিধু পালটে ফেলেছিলেন নাম। হয়েছিলেন সিধু মুসেওয়ালা। ২০২২ সালের নভেম্বর মাসেই ২৮ বছরের যুবকের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই মর্মান্তিক মৃত্যুতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিধুর মৃত্যুর তদন্তের জন্য পাঞ্জাব পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার, জগ্গু ভগবানপুরিয়া-সহ মোট ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন।