কিউইদের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে কাল নামছে অস্ট্রেলিয়া

টেস্টে গত কয়েকমাস ধরে দারুণ সময় কাটাচ্ছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করার পর, ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে। এদিকে নিউজিল্যান্ডও ভালো অবস্থায় রয়েছে। চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে জয় পেয়েছে কিউইরা। যা টেস্ট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম সিরিজ জয়।

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগের দিন আজ একাদশ ঘোষণা করেছে সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। টেস্টে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের কাঁধেই থাকছে দল পরিচালনার দায়িত্ব। ওপেনিংয়ে রয়েছেন উসমান খাজা। আর তার সঙ্গী হিসেবে রয়েছেন টেস্টে নিজের নতুন পজিশনে খেলা স্টিভেন স্মিথ।

এছাড়াও একাদশে রয়েছেন পরিচিত সব মুখ। হেড, মার্শ, গ্রিনদের সঙ্গে বোলিং আক্রমণে দেখা যাবে সেই চিরচেনা অস্ট্রেলিয়ার সেই ত্রয়ীকে। অধিনায়ক কামিন্সের সঙ্গে রয়েছেন হ্যাজেলউড ও স্টার্ক। আর স্পিনার হিসেবে রয়েছেন নাথান লায়ন।

বেসিন রিজার্ভের সবুজ উইকেট সম্পর্কে প্যাট কামিন্স বলেন, ‘যতখানি ভয়ঙ্কর দেখায় ততটা হবে বলে মনে হয় না। প্রথম ইনিংসেও অনেকগুলো বড় রানের নজির রয়েছে আগে।’

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দল থেকে বেশকিছু পরিবর্তন আসবে এই টেস্টে নিউজিল্যান্ড দলে। কিউই ওপেনার ডেভন কনওয়ের আঙ্গুলের চোট তাকে ছিটকে ফেলেছে আগামীকালের ম্যাচ থেকে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।

কিউই অধিনায়ক টিম সাউদি বরেন, ‘একাদশে একজন পেসার বেশি খেলবেন না কি স্পিনার তা আবহাওয়া ও কন্ডিশনের উপর নির্ভর করবে। ম্যাচের আগেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’


নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশ:

স্টিভ স্মিথ, উসমান খাজা, মারনাস লাবুশেন, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।