অঙ্কিতাকে তাড়াতাড়ি মা হওয়ার পরামর্শ দিলেন সালমান

মাস খানেক আগেই শেষ হয়েছে ‘বিগ বস’এর সাম্প্রতিক সি‌জন। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ‘বিগ বস’ এর সফরে নানা ঘটনা নিয়ে চর্চা হয়েছে। সবচেয়ে বেশি চর্চা হয়েছে অঙ্কিতা লোখান্ডে আর তার স্বামী ভিকি জৈনের সম্পর্ক নিয়ে।

‘বিগ বস’ এর ঘরে অঙ্কিতা কী কী করেছেন তা মনে রেখেছেন দর্শক। প্রতিটি পর্ব শুরু হত অঙ্কিতা আর ভিকির ঝগড়া আর তর্কাতর্কি দিয়ে। ছেলেকে অপমানিত হতে দেখে ভিকির মা অঙ্কিতাকে সতর্কও করেছিলেন। কিন্তু অঙ্কিতা শাশুড়ির কথায় কর্ণপাত করেননি। অঙ্কিতা আর ভিকির সম্পর্ক এমন দিকে মোড় নিয়েছিল যে, বিচ্ছেদের সম্ভাবনাও প্রকট হয়ে উঠেছিল।

তবে তখন কিছু না বললেও ‘বিগ বস’ শেষ হওয়ার পর সলমন খান নাকি স্বয়ং আসরে নেমেছিলেন তাদের ঝামেলা মেটাতে। সম্পর্ক ঠিক হবে কীভাবে সেই পরামর্শ দেন সালমান। সম্প্রতি সে প্রসঙ্গে খোলাখুলি কথা বললেন অঙ্কিতা এবং ভিকি।

‘বিগ বস’ এর ঘরে ভিকি এবং অঙ্কিতার সম্পর্কের অবনতির কথা সালমানের কানে পৌঁছয়। ‘বিগ বস’ শেষ হওয়ার পর অঙ্কিতা এবং ভিকিকে দেখা করতে বলেছিলেন। অঙ্কিতা জানান, ভিকিকে সঙ্গে নিয়ে সালমানের কাছে যান। দাম্পত্য সম্পর্ক কীভাবে শক্তিশালী করে তোলা যায়, তা নিয়ে বেশ কিছু পরামর্শ দেন সালমান।

তবে সালমানের মূল পরামর্শ ছিল যে বাচ্চা এলেই সম্পর্ক সহজ এবং সুন্দর হবে। শুনে অঙ্কিতা নাকি খুবই অবাক হয়ে সালমানকে বলেন, ‘কী বলছেন স্যার!’ সালমান বার বারই নাকি বলছিলেন, ‘মা হয়ে যাও। তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

সালমানের কথা শুনে বিস্মিত হয়েছিলেন ভিকিও। সালমান নাকি ভিকিকে বলেছিলেন, ‘দীর্ঘমেয়াদী দাম্পত্যের একমাত্র চাবিকাঠি নাকি সন্তান। সারা জীবন একসঙ্গে থাকতে চাইলে দু’জন থেকে খুব তাড়াতাড়ি তিন জন হয়ে যাও। দেখবে সম্পর্কে টান আসবে।’