মিশিগান প্রাইমারিতে বড় জয় বাইডেন এবং ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ের প্রাথমিকে বড় জয় পেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধ প্রশ্নে উল্লেখ্যজনক বিরোধিতার মুখে পড়েছেন তিনি।

উল্লেখযোগ্যসংখ্যক ভোটার ব্যালটে ‘আনকমিটেড’ (প্রতিশ্রুতিবদ্ধ নয়) ভোট দিয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

অন্যদিকে, এই অঙ্গরাজ্যটিতে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বড় জয় পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের ভোট অনুষ্ঠিত হয়।

এডিসন রিসার্চের তথ্য অনুসারে, এখন পর্যন্ত যে পরিমাণ ভোট গণনা হয়েছে তাতে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে বাইডেন পেয়েছেন ৮০ শতাংশ ভোট পেয়েছেণ।  

যুক্তরাষ্ট্রের একটি বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ২৫ শতাংশ ভোট গণনায় দেখা গেছে বাইডেনের  ‘আনকমিটেড’ ভোটের পরিমাণ ১৪ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ৩৩ হাজার ভোটার ‘আনকমিটেড’ ভোট দিয়েছেন, যা ধারণার চেয়ে বেশি।

মিশিগানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ‘আনকমিটেড’ অংশটি বাছাই করার অর্থ হলো, ভোটাররা দলীয় পর্যায়ে আয়োজিত এসব ভোটে অংশ নিচ্ছেন ঠিকই, তবে তাঁরা ব্যালটে থাকা প্রার্থীদের ভোট দিতে প্রতিশ্রুতিবদ্ধ নন। ব্যালটে প্রার্থীদের নামের তালিকা থেকে কাউকেই পছন্দ না হলে, ভোটার তখন ‘আনকমিটেড’ অংশটি বাছাই করতে পারেন

অন্যদিকে মিশিগান অঙ্গরাজ্যে জয়ের মধ্যে দিয়ে রিপাবলিকানদের মনোনয়ন পাওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির চেয়ে আরেক ধাপ এগিয়ে গেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প পেয়েছেন ৬৪ শতাংশ ভোট আর হ্যালি পেয়েছেন ৩২ শতাংশ ভোট।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে মিশিগান অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।