দিনভর দুর্ভোগ শেষে সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিকরা। বুধবার (২৮ ফ্রেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বিকেল পৌনে ৪টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবহন নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তাদের বিভিন্ন দাবি পর্যালোচনার জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ১১ মার্চের মধ্যে যৌক্তিক দাবিগুলো পূরণে কাজ করবে।

এর আগে আজ বুধবার সকাল থেকে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন। এতে দিনভর ভোগান্তি পোহায় সাধারণ মানুষ। বিশেষ করে এসএসসি ও সমমানা পরীক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েছিলেন অভিভাবকরা। সকাল থেকেই বিভিন্ন পরিবহনে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে দেখা গেছে। অনেক পরীক্ষার্থীকে গাড়িতে করে কেন্দ্রে পৌঁছে দিয়েছে পুলিশ।

অভিভাবকদের অভিযোগ, পরিবহন শ্রমিকরা কয়েকদিন আগেই এই ধর্মঘটের ঘোষণা দিয়ে রাখলেও এ ব্যপারে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। যার ফলে আজ ভোগান্তিতে পড়তে হয়েছে সিলেটবাসীকে।

এদিকে ধর্মঘটের পক্ষে সকাল থেকেই পরিবহন শ্রমিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পিকেটিং করে। বেলা ১টার দিকে দক্ষিণ সুরমার বাইপাসে পিকেটিংকালে ট্রাক শ্রমিকদের সঙ্গে বাস-অটোরিকশা শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

পরিবহন শ্রমিকদের দাবিগুলো হলো- সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা; রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক শ্রমিকদের মুক্তি দেওয়া এবং ২০২১ সালে নগরীর চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার করা।