চুক্তি আগেই করেছেন। বাকি ছিল আনুষ্ঠানিকতা। আজ অনলাইনে তা সারলেন সাকিব আল হাসান। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তিনি খেলবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। গতবার খেলেছিলেন মোহামেডানের হয়ে। এবার সাকিব খেলবেন ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়ন দল শেখ জামালের হয়ে। তাঁর সঙ্গে অনলাইনে দলবদল করে শেখ জামালে যোগ দিয়েছেন ইয়াসির আলী, রিপন মন্ডল ও টিপু সুলতান।
এ ছাড়া দলবদল করেছে ঢাকা লিগের আরও ছয় দল। গাজী গ্রুপ ক্রিকেটার, রূপগঞ্জ টাইগার্স, গাজী টায়ার্স, পারটেক্স, শাইনপুকুর ও সিটি ক্লাব। এর বাইরে প্রাইম ব্যাংকের কয়েকজন ক্রিকেটার আজ দলবদল করে গেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য তিনজন হলেন সাব্বির রহমান, এনামুল হক ও সানজামুল ইসলাম। গতবারের মতো এবারও প্রাইম ব্যাংকে খেলবেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
প্রিমিয়ার লিগের দুই দিনব্যাপী দলবদলের শেষদিন কাল বৃহস্পতিবার। জানা গেছে, আবাহনী, মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জের মতো বড় দলগুলো তাদের দলবদলের আনুষ্ঠানিকতা সারবে আগামীকাল।
গতবার প্রাইম ব্যাংকের হয়ে খেলা জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম খেলবেন আবাহনীর হয়ে। মোহামেডান থেকে আবাহনীতে যোগ দিচ্ছেন আরেক জাতীয় দলের পেসার খালেদ আহমেদ। তরুণ ফাস্ট বোলার নাহিদ রানাকে দেখা যাবে আবাহনীর জার্সিতে। আরেক বড় নাম তাওহিদ হৃদয়ও এবার খেলবেন আবাহনীর হয়ে। গতবার তিনি খেলেছিলেন শেখ জামালে। অভিজ্ঞদের মধ্যে মুমিনুল হকের নতুন ঠিকানা হতে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
এবারের প্রিমিয়ার লিগে কোন বিদেশি ক্রিকেটার থাকছে না। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন সংস্করণের সিরিজ জাতীয় দলের খেলা থাকায় দলগুলো পাচ্ছে না তারকা ক্রিকেটারদেরও।
শ্রীলঙ্কা আসবে আগামী ১ মার্চ। লিগ শুরু হওয়ার কথা আগামী ৯ মার্চ। একই দিন শেষ হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জানা গেছে, টি-টোয়েন্টি দলের খেলোয়াড়দের পাওয়ার জন্য লিগ শুরুর দিনক্ষণ এক-দুই দিন পিছিয়ে যেতে পারে। তবে এ ব্যাপারে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সিসিডিএম।