গাজীপুরে হাসপাতালে অভিযান, তিন দালালের কারাদণ্ড

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিন দালালকে কারাদন্ড দিয়েছে। সরকারী কাজে বাধা ও হাসপাতাল থেকে রোগীদের ভয়ভীতি ও প্রতারণা করে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ভাগিয়ে নেওয়ার অভিযোগে তাদের এ কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী । বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন তিনি। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুর শহরের টাংকিরপার এলাকার মৃত হোসেন আলীর মেয়ে ফাতেমা (৪০), সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী এলাকার মৃত বেলাল হোসেনের স্ত্রী অজুফা (৪২) ও জেলা শহরের হাজীবাগ এলাকার আজিজুল হকের স্ত্রী শান্তনা (৩৮)। তাদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, অভিযুক্তরা সরকারী কাজে বাধা প্রদান করেছেন। এছাড়াও তারা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জোরপূর্বক বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাতেনাতে তার প্রমাণ মিলেছে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের ২০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।