ময়মনসিংহের ভালুকায় কিশোর গ্যাংয়ের খুরের আঘাতে রাতুল পাঠান (১১) নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ চত্তরে বইমেলার উত্তর পাশে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত কিশোরের বাবা বুধবার রাতে মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের সামনে চা দোকানদার শকিকুল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ জিহাদ (১৬) উপজেলার ভাটগাঁও গ্রামের এমদাদ পাঠানের ছেলে গোয়ারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাতুল পাঠানকে বই মেলার উত্তর পাশে ডেকে নিয়ে টাকা দাবি করে। এ সময় টাকা দিতে অস্বীকার করায় রাতুলের গলায় খুর দিয়ে আঘাত করে। খোঁজ পেয়ে স্থানীয়রা আহত রাতুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আহত রাতুলের বাবা এমদাদ পাঠান জানান, তার ছেলেকে আশঙ্কাজনক আবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গলায় ১৮টি সেলাই দিতে হয়েছে।
ভালুকা মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পাওয়ার পর আসামী গ্রেপ্তারে অভিযান চলছে।