নারী নেশনস লিগ ফাইনাল

ফুটবলই আমাকে জীবন্ত রেখেছে: জেনি হারমোসো

আজ রাত ১২টায় ইতিহাসের প্রথম উয়েফা নারী নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুজায় হবে ম্যাচটি। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে স্প্যানিশ মিডফিল্ডার জেনি হারমোসো জানান, ‘ফুটবলই আমাকে বাঁচিয়ে রেখেছে’।

গত বছরের আগস্টে সিডনিতে ইংল্যান্ডকে হারিয়ে স্পেন নারী বিশ্বকাপ জেতার পর দেশটির ফুটবল প্রধান লুইস রুবিয়েলস মতের বিরুদ্ধে গিয়ে চুমু খেয়েছিলেন হারমোসোকে। সেই কাণ্ডের পর জল কম ঘোলা হয়নি। রুবিয়েসের সঙ্গে চাকরি গিয়েছে দলটির কোচ জর্জে ভিদালের। সেই ঘটনার পর এই প্রথম কোনো সংবাদ সম্মেলনে আসলেন হারমোসো।

হারমোসা বলেন, ‘ওই ঘটনার পর অনেককিছু ঘটে গেছে। ছয়টি দীর্ঘ মাসের পর আরও একটি ফাইনাল খেলতে যাচ্ছি ভেবে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। এখন আমি পুরোদমে ফুটবল উপভোগ করছি এবং স্পেনের হয়ে আরও একটি শিরোপা জেতার জন্য নামতে যাচ্ছি।’

২০২২ সাল থেকে মেক্সিকোর সর্বোচ্চ ঘরোয়া লিগ লিগা এমএক্স ফেমেনিল-এ খেলে আসছেন ৩৩ বছর বয়সী এ মিডফিল্ডার। তার বর্তমান ক্লাবের নাম টাইগ্রেস। হারমোসো যোগ করেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ হলো আরও একটি ফাইনালে খেলা এবং তা চালিয়ে যাওয়া। আমার যে জীবনের চাহিদা তা ফুটবলই আমাকে দিয়ে যাচ্ছে। আমি স্পেন ও টাইগ্রেসের হয়ে এ সফর এবং উপভোগ করা অব্যাহত রাখতে চাই। আমরা কাল (আজ) যদি জিততে পারি, স্পেন আবারও ইতিহাস গড়বে।’

নারী নেশনস লিগের ফাইনালে ওঠার মাধ্যমে প্যারিস অলিম্পিকে খেলাও নিশ্চিত হয়েছে স্পেনের। জুলাইতে সেই আসরেও স্পেনের হয়ে খেলবেন হারমোসো। তিনি জানান, ‘অল্প সময়ের মধ্যে বিশ্বকাপ শিরোপা থেকে গেমস শিরোপা উঁচিয়ে ধরতে পারলে দারুণ এক ইতিহাস গড়ার সুযোগ রয়েছে আমাদের। একটা দলের জন্য সবগুলো ক্ষেত্রে চ্যাম্পিয়ন হওয়ার চাইতে আর সেরা অনুভতি কী হতে পারে!’

তার আগে আজ রাতে আরও একটি ফাইনালে শিরোপা উঁচিয়ে ধরার উপলক্ষ্য স্পেনের নারী দলের সামনে।