ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এই সহিংসতায় জড়িত অভিযোগে ৩৩ জনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী, পুলিশ ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য কাউছার আহমেদের সঙ্গে একই গ্রামের মো. জয়নাল মিয়া মেম্বারের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল সকালে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতরা জেলা সদরসহ বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা নেন।