পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।
গতকাল বুধবার পুলিশ সপ্তাহ ২০২৪-এর দ্বিতীয় দিনে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইজিপি। এই অনুষ্ঠানে শিল্ড প্যারেড, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার অভিযান, অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে কৃতিত্ব অর্জনকারী ইউনিটকে পুরস্কার, আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড এবং প্যারেডে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, আপনাদের প্রযুক্তিনির্ভর, গণমুখী, সেবামুখী, জনবান্ধব তথা নারী ও শিশুবান্ধব বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা পুলিশের সেবা প্রদানের মূলকেন্দ্র থানাকে জনগণের আস্থা ও ভরসার স্থানে পরিণত করতে চাই। দেশের সম্মানিত নাগরিকরা যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রার্থিত সেবা গ্রহণ করতে পারেন সে ব্যাপারে আমি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছি। যারা একেবারে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিরীহ, নির্যাতিত, গরিব, নারী তাদের জন্য থানাকে আমি বিচার পাওয়ার স্থান হিসেবে দেখতে চাই। এজন্য প্রধান ও প্রথম কাজ হবে ভালো ব্যবহার ও জনগণের কথা শোনা এবং অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এ ক্ষেত্রে যেকোনো ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না।’
আইজিপি আরও বলেন, ‘সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে কাক্সিক্ষত সেবা পৌঁছে দিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের দেশকে সত্যিকার অর্থেই ২০৪১ সালে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, অর্ন্তভুক্তিমূলক, উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারব।’
এদিকে নারীর ক্ষমতায়নে পুনাককে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহধর্মিণী ড. রেবেকা সুলতানা। গতকাল রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম ‘বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা ২০২৪’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।