খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ যুবকের যাবজ্জীবন

খুলনায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করার অভিযোগে রাফি ইসলাম (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন। ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

পিপি ফরিদ আহমেদ জানান, প্রেমের সূত্র ধরে রাফি ইসলাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ছাত্রীকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ ছাড়া ঢাকায় নিয়েও তাকে ধর্ষণ করেন রাফি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ছেলের পরিবারের সঙ্গে কয়েকবার আলোচনা করলেও কোনো সমাধান হয়নি। রাফি মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী গত বছরের ৮ জানুয়ারি আদালতে লিখিত অভিযোগ করেন। আদালতের নির্দেশনায় গত বছর ১১ জানুয়ারি সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে। এরপর ২৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানার সহকারী পরিদর্শক (এসআই) সোহেল রানা আসামি রাফিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।