৭ ক্লিনিকের জরিমানা-সিলগালা ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

স্বাস্থ্য বিভাগের অভিযানে শেরপুর, নীলফামারীর ডোমার ও পটুয়াখালীর বাউফলে জরিমানা ও বন্ধ করে দেওয়া হয়েছে ১১টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে। প্রতিনিধিদের পাঠানো খবর:

শেরপুর : স্বাস্থ্য বিভাগের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলায় ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুই দিনে পাঁচ বেসরকারি ক্লিনিককে অর্থদ- এবং একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে।

ক্লিনিকগুলোর মধ্যে আল সাফা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ওটিতে অনিয়ম থাকায় ওটি সিলগালা এবং ৫ হাজার টাকা জরিমানা, হাজি নিয়ামতউল্লাহ হাসপাতালের প্যাথলজি বিভাগে অনিয়ম থাকায় প্যাথলজিক্যাল রন  সেন্টার সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা, দারুস সিফা হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা, ইউনাইটেড হাসপাতালে ডাক্তারের স্বাক্ষর ও বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর ঠিক না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা, ইউনিক প্যাথলজিক্যাল ল্যাব সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা এবং নিরাপদ জেনারেল হাসপাতালকে নানা অনিয়মের অভিযোগে সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে জেলার সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, সদর উপজেলার পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, ডা. হিমেলসহ স্বাস্থ্যে বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত  শেরপুরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্টের বিচারক ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস।

নীলফামারী : নিবন্ধন না থাকায় নীলফামারীর ডোমার উপজেলায় চারটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। গতকাল বুধবার দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী ডায়াগনস্টিক সেন্টারগুলোতে উপস্থিত থেকে সেগুলো বন্ধের নোটিস ঝুলিয়ে দেন।

সরকারি নিয়ম না মানা এবং নিবন্ধন না থাকায় শহরের আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এবং বোড়াগাড়ী নিউলাইফ ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আল আমিন রহমান।

বাউফল (পটুয়াখালী) : বাউফলে যোগ্যতা ছাড়াই দীর্ঘদিন ধরে ডায়াগনস্টিক সেন্টার খুলে চিকিৎসাসেবা প্রদান করার অপরাধে এক ব্যক্তিকে কারাদ- দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী বাজারে অভিযান চালিয়ে ফেয়ার মেডিকেল সার্ভিসেস ডায়াগনস্টিকের স্বত্বাধিকারী ও ভুয়া ডাক্তার মহিউদ্দিন আহম্মেদকে এ কারাদ- দেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কু-। একই সঙ্গে নিউলাইফ কেয়ার ক্লিনিকের সনদ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট রাখায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়।