বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নির্বাচন সামনে রেখে প্রগ্রেসিভ অ্যালায়েন্সের উদ্যোগে বিজিবিএর মেম্বার মিট আপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় প্রগ্রেসিভ অ্যালায়েন্সের প্রার্থীরা নির্বাচিত হলে গার্মেন্ট ও বায়িং হাউস সেক্টরের ব্যবসায়ীদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন।
রাজধানীর হোটেল রেডিসনে মঙ্গলবার রাতে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিজিবিএ সদস্য ও বায়িং হাউস সেক্টরের ব্যবসায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রগ্রেসিভ অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর আবদুল হামিদ পিন্টু বলেন, বিশ্বব্যাপী মন্দা চলছে। ব্যবসা নিয়ে আমরা আতঙ্কিত। এমতাবস্থায় দেশের অর্থনীতিকে মজবুত ভিতের ওপর দাঁড় করাতে শক্তিশালী বিজিবিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিজিবিএর সদস্যদের সিআইপি মর্যাদা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গার্মেন্ট মালিকরা প্রটোকল নিয়ে বিমানবন্দর পার হন। বায়িং হাউস ব্যবসায়ীদের অর্থনীতিতে এতো অবদান সত্ত্বেও আমরা প্রটোকল পাই না। আমরাও সিআইপি প্রটোকল চাই, এটা আমাদের অধিকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রায় দুই দশক আগে বিজিবিএ প্রতিষ্ঠিত হয়। কিন্তু সংগঠনটির নেতৃত্ব নির্বাচন এতোকাল গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি। এবার বিজিবিএর সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এতে সংগঠন গতিশীল হবে।
উল্লেখ্য, বিজিবিএর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪-২০২৬ আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। সদস্যরা ভোট দিয়ে ১৫ জন পরিচালক নির্বাচন করবেন। দুটি প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।