বেসিন রিজার্ভের গ্রিন উইকেটে গ্রিনের একার লড়াই

বেসিন রিজার্ভের ঘাসের উইকেটে টস জিতে বোলিং বেছে দারুণ দিন পার করেছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরির পেসের ঝাঁজে ব্যাকফুটে চলে যাওয়া অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেছেন কেবল ক্যামেরন গ্রিন।
ওয়েলিংটনে প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৭৯ রান করেছে অস্ট্রেলিয়া। বাকিদের ব্যর্থতার মাঝে ১৫৫ বলে ১০৩ রান করে অপরাজিত আছেন গ্রিন।  

ম্যাট হেনরি
টস হেরে ব্যাটিংয়ে গিয়ে শুরুটা ভালোই হয় অজিদের। স্টিভেন স্মিথ-উসমান খাজার উদ্বোধনী জুটি টিকে ২৪ ওভার পর্যন্ত। ২৫তম ওভারে স্মিথকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে উইকেট নেওয়া শুরু হেনরির। খানিক পর মারনাস লাবুশেনকেও শিকার ধরেন কুগলেইন।
খাজা থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি।  ৩৩ রান করে হেনরির বলে বোল্ড হয়ে যান। ও'রর্কি ট্রাভিস হেডকে দ্রুত ফেরালে ৮৯ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।

অবসর নেয়া নিল ওয়াগনার বদলী খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করেন
এরপর প্রতিরোধ গড়েন মিচেল মার্শ-গ্রিন। দুজনের ৬৭ রানের জুটির পর ৪০ করা মার্শও শিকার হেনরির। আলেক্স ক্যারি, মিচেল স্টার্করাও বেশি সঙ্গ দিতে পারেননি গ্রিনকে। একা দলকে টেনে আড়াইশ পার করান গ্রিন। দিনশেষেও টিকে আছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে। 
৪৩ রানে ৪ উইকেট নিয়ে কিউইদের সেরা পেসার হেনরি।  উইলিয়াম ও'রর্কি ও স্কট কুগলেইনও নিয়েছেন দুটি করে উইকেট।