নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নিউ ইয়র্কের কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রবাসী বাংলাদেশি একে সাইফুদ্দিন আহমেদ ওরফে মন্টু (৫২) উত্তর কলোনি ইয়ুথ বেসবল কমপ্লেক্সের কাছে ওল্ড লাউডন রোডে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ জানায়, সাইফুদ্দিন গাড়িটি উত্তরমুখী চালাচ্ছিলেন। তিনি ক্রসিং পার করে দক্ষিণামুখী লেনে গেলে একটি ভক্সওয়াগনের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সাইফুদ্দিনের গাড়িটি একটি খাদে পড়ে যায়। গুরুতর আহত ভক্সওয়াগেনের ড্রাইভারকে আলবানি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছ।

পুলিশ কর্মকর্তারা বলছেন, সাইফুদ্দিন গাড়িতে আটকা পড়েছিলেন। বোগট এবং ল্যাথাম ফায়ার ডিপার্টমেন্ট দুর্ঘটনায় সহায়তার জন্য ঘটনাস্থলে এসে রাস্তা বন্ধ করে দেয়। কলোনি ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস জানায়, সাইফুদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ বলছে, গতি বা প্রতিবন্ধকতা এই সময়ে দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে হচ্ছে। সকাল ১০টা ৮ মিনিট পর্যন্ত লাউডন রোড উভয় দিকেই বন্ধ ছিল। 

নিহত সাইফুদ্দিন আহমেদ ওরফে মন্টুর দেশের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানায়। তিনি দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের আলবানির সন্নিকটে কলোনি এলাকায় স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে বসবাস করতেন। তার মৃত্যুতে আলবানিসহ নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মন্টুর পারিবারিক সূত্র জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় লাথামের আল-হিদায়া সেন্টারে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ক্যাসেলটন-অন-হাডসনের ক্যাপিটাল ডিস্ট্রিক্টের মুসলিম কবরস্থান তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে নিউ ইয়র্ক সিটি থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে নিউ সড়ক দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই প্রাণ হারান বাংলাদেশি দম্পতি সাথী আহম্মেদ (৪৫) ও তার স্বামী হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২)।