হামজা একদিন বাংলাদেশের হয়ে খেলবে, আশা কাবরেরার

বাংলাদেশ বংশদ্ভুত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে লাল-সবুজ জার্সিতে দেখা গত কয়েক বছরে এ দেশের ফুটবলপ্রেমীদের গণ দাবীতে পরিণত হয়েছে। অনেকের বিশ্বাস ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকা যোগ দিলেই বাংলাদেশ বিধ্বংসী দলে পরিণত হবে। তার সংযুক্তিতে কী হবে, না হবে, সে আলোচনা এখন অমৌলিক। এখন আলোচনা তার বাংলাদেশে হয়ে খেলার সম্ভাবনা নিয়ে। অনেকে তো আসছে মাসেই বাংলাদেশ দলে দেখে ফেলেছিলেন হামজাকে। সেরকম কোন কিছু ঘটছে না। তবে হামজাকে বাংলাদেশ দলে খেলতে দেখার ব্যাপারে আশার কথা শুনিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। স্প্যানিশ এই কোচ বৃহস্পতিবার বলেছেন, হামজা কোন না কোন সময় দেখা যাবে বাংলাদেশের জার্সিতে।

২০২৬ বিশ্বকাপ ও ২০১৭ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের দুটি ম্যাচ সামনে রেখে কাবরেরার ২৮ জনের প্রাথমিক দল বাফুফের প্রকাশ করেছিল বুধবার। বৃহস্পতিবার সেই দল নিয়ে সংবাদ সম্মেলনে হয়েছে বিস্তর কথা। এর মাঝেই হামজাকে নিয়ে কথা বলতে হয়েছে কাবরেরাকে। ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা এই মিডফিল্ডারের অবশ্য স্বপ্ন ছিল ইংল্যান্ড দলে খেলা। তবে সেই স্বপ্ন ধীরে ধীরে বিবর্ণ হয়ে উঠছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। তাতে ২৬ বছর বয়সী হামজার বাংলাদেশে হয়ে খেলার সম্ভাবণা উজ্জ্বল হচ্ছে।

সেই সম্ভাবনার পালে জোড় হাওয়া লেগেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের বক্তব্যের পর কাবরেরার বলা কথায়, 'আমি মনে করি এ বিষয়ে আমাদের ইতিবাচক থাকবে হবে। ফুটবল ফেডারেশন এ বিষয়ে আমার চেয়ে অনেক বেশি ওয়াকিবহাল। এই উইন্ডোতে সে বাংলাদেশের হয়ে খেলবে কি খেলবে না, এ বিষয়টি হয়ত এখন অপ্রাসঙ্গিক, তবে এই সম্ভাবনা সত্যি হতে পারে এবং আমাদেরকে এ বিষয়ে খুবই ইতিবাচক থাকতে হবে। আশা করি, আজ হোক, কাল হোক আমাদের জাতীয় দল তার মতো খেলোয়াড় পাবে।'