প্লেন থেকে নেমে টার্মিনাল পর্যন্ত হাঁটতে বাধ্য হয়েছিলেন ৮০ বছরের এক প্রবীণ যাত্রী। ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মারাই যান। অভিযোগ উঠেছে, ভারতের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে হুইলচেয়ার দেওয়া হয়নি। এ ঘটনায় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ রুপি জরিমানা করেছে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ১২ ফেব্রুয়ারির। বিষয়টি সম্পর্কে জানতে এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছিল ডিজিসিএ। সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয় নোটিসে। সেই জবাবের ভিত্তিতেই জরিমানা করেছে ডিজিসিএ।
এয়ার ইন্ডিয়া বলেছে, ওই প্রবীণ যাত্রীর স্ত্রীর জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। কর্মীরা তার জন্য অন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করছিলেন। তবে তিনি অপেক্ষা করতে চাননি। স্ত্রীকে যখন হইলচেয়ারে নেওয়া হচ্ছিল, বৃদ্ধ হাঁটতে শুরু করে দেন।
এয়ার ইন্ডিয়া আরও বলে, নিউইয়র্ক থেকে মুম্বাই ফিরেছিলেন প্রবীণ স্বামী-স্ত্রী। ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন প্রবীণ। সে সময় যথেষ্ট হইলচেয়ার ছিল না। বৃদ্ধকে অনুরোধ করা হয়েছিল, দ্বিতীয় হুইলচেয়ার না আনা পর্যন্ত তিনি যেন অপেক্ষা করেন। কিন্তু হুইলচেয়ারে থাকা স্ত্রীর পাশে হাঁটতে শুরু করেন।
ডিজিসিএ জানিয়েছে, প্রবীণ এবং বিশেষ ব্যক্তিদের জন্য যে নীতি রয়েছে তা লঙ্ঘন করেছে এয়ার ইন্ডিয়া। জরিমানার পর এয়ার ইন্ডিয়াকে যথেষ্ট সংখ্যক হুইলচেয়ার রাখতেও বলা হয়েছে।