‘নাটকের শাণিত তরবারি, রুখবেই অনিয়ম-দুর্নীতি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় পথনাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ পথনাট্য উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত পথনাট্য উৎসবে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য উত্তম কুমার সাহা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন।
পথনাট্য উৎসবে টাঙ্গাইল থিয়েটার সম্বিত সাহা রচিত নাটক ‘রুটি মানচিত্র এবং একটি গোল চাঁদ’ পরিবেশন করে। নাটকটির নির্দেশনায় ছিলেন শফিকুল ইসলাম লেবু এবং নাট্য তত্ত্বাবধানে ছিলেন রতন দত্ত ও শাহ্ মো. ইসরাইল। এরপর পরিবেশিত হয় টাঙ্গাইলের সংকেত নাট্যদলের নাটক আসাদুজ্জামান রাব্বি রচিত ‘রূপান্তর’। নির্দেশনায় ছিলেন মো. মনিরুজ্জামান ময়না ও শামীম আল মামুন।
টাঙ্গাইল শিল্পকলা একাডেমি ও পৌরসভার সার্বিক সহযোগিতায় আয়োজিত নাট্য উৎসব সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিপ্লব দত্ত পল্টন ও প্রকৌশলী জাহাঙ্গীর খান।