কৃষক হত্যায় ৯ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে কৃষক নুরুল হক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের আবদুর রউফ, রুহুল আমিন, আলী হোসেন, খোকন হোসেন, বেলাল হোসেন, রোকন হোসেন, বাবু হোসেন, মিজানুর রহমান ও সিরাজুল।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১ নভেম্বর জয়পুরহাট সদর উপজেলার হিচমি গ্রামের কৃষক নুরুল হক শ্রমিকদের নিয়ে মাঠে ধান কাটতে যান। সেখানে জমি নিয়ে বিরোধের জের ধরে আসামিরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র দিয়ে নুরুল হককে আঘাত করে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত গতকাল এ রায় দেয়।

জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিপেন্দ্র নাথ ম-ল এসব তথ্য নিশ্চিত করেন।