সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার তামশিদ ইরাম খান ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ অভিযানের নেতৃত্ব দেন।

এরশাদ মাহমুদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাঁচপুর ও সাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় দুই কিলোমিটার পাইপ ও দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। খুলে নেওয়া হয়েছে অবৈধ রাইজার ও নিম্নমানের বিভিন্ন ফিটিংস পাইপ।