টঙ্গী থানার সাবেক ওসি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

গাজীপুরের টঙ্গী থানার সাবেক ওসি গাজী রুহুল ইমাম ও তার স্ত্রী আসমা উল হুসনা উল্কার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার মামলাটি করেন। মামলায় গাজী রুহুল ইমামের স্ত্রী আসমা উল হুসনা উল্কাকে প্রধান ও গাজী রুহুল ইমামকে দুই নম্বর আসামি করা হয়েছে।

মামলায় বাদী উল্লেখ করেন, গাজী রুহুল ইমাম কর্তৃক দাখিল করা সম্পদ বিবরণী অনুসন্ধানকালে ৪৮ লাখ ৮১ হাজার ৫৬০ টাকার স্থাবর সম্পদ, ৩২ লাখ ২৪ হাজার ৫৪৭ টাকার অস্থাবর সম্পদসহ ৮১ লাখ ৬ হাজার ১০৭ টাকা মূল্যমানের স্থাবর এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এ ছাড়া স্ত্রীকে ঋণ প্রদানসহ তার পারিবারিক ব্যয় পাওয়া যায় ২৯ লাখ ৫৫ হাজার ৭৪০ টাকা। ফলে ব্যয়সহ তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১০ লাখ ৬১ হাজার ৮৪৭ টাকা। উল্লিখিত সম্পদ অর্জনের বিপরীতে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৭০ লাখ ১৩ হাজার ৬৭২ টাকা।

অন্যদিকে তার স্ত্রী আসমা উল হুসনা উল্কাকে প্রদত্ত ৮ লাখ টাকা ঋণ প্রদান ও পারিবারিক ব্যয় ২৯ লাখ ৫৫ হাজার ৭৪০ টাকাসহ অর্জিত সম্পদের পরিমাণ পাওয়া যায় ১ কোটি ১০ লাখ ৬১ হাজার ৮৪৭টাকা। এ ক্ষেত্রে দেখা যায়, গাজী রুহুল ইমামের বৈধ আয়ের চেয়ে ১৯ লাখ ৮ হাজার ১৭৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।