ফৌজদারি-দেওয়ানি কার্যবিধি, দন্ডবিধি, সাক্ষ্য আইন, তামাদি আইনসহ মৌলিক আইনগুলো বাংলায় নির্ভরযোগ্য অনুবাদ ও এগুলো পাঠোপযোগী করে প্রকাশ করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ লক্ষ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের একজন, বাংলা একাডেমি, আইন কমিশনের একজন করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদ ও বাংলা বিভাগের একজনকে নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত।
প্রায় দুই বছর আগে দেওয়া এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালত এ বিষয়ে পাঁচ মাসের সময় দিয়ে আগামী ২৯ আগস্ট অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
মৌলিক আইন বাংলায় অনুবাদ এবং পাঠের উপযোগী করার নির্দেশনা চেয়ে ২০২২ ৬ মার্চ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিটের প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ১৪ মার্চ হাইকোর্ট সংশ্লিষ্ট বিষয়ে রুল দেয়। রুলের শুনানি শেষে গতকাল এ রায় হলো।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত।