ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রুশমিনা নামে তিন বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার রাত
সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সেদিন ভোরে আরেক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ পাঁচ শিশুর মধ্যে কেউ আর বেঁচে রইল না। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।
মারা যাওয়ার রুশমিনা ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারের আবদুস শুক্কুরের মেয়ে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নোয়াখালীর ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিশুসহ সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক রাসেল নামে তিন বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেছিলেন। এ ছাড়া গত সোমবার ভোরে মোবাশ্বেরা ও সন্ধ্যায় রবি আলম নামে আরও দুই শিশু মারা যায়। আর বুধবার মারা গেছে সোহেল ও রুশমিনা।