বেইলি রোডে আগুন

সন্তানের লাশ কীভাবে কাঁধে বইব?

রাজধানী ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মিনহাজ খান মারা গেছে। দুই বন্ধু মিলে ওই ভবনে একটি রেস্তোরায় খেতে গিয়েছিলেন তারা।

গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ ও বেইলি রোডে পাগল হয়ে ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন তার বাবা।

বাবা ওয়ালিউল্লাহ খান মেডিকেলের সামনে বসে ছেলে হারানোর বিলাপ করে যাচ্ছেন। বলছেন, ‘ছেলে বেসরকারি একটি কোম্পানিতে ভালো চাকরি করতেন। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন তার। কিন্ত আগুন সব শেষ করে দিয়েছে। সন্তানের লাশ কীভাবে কাঁধে বইব।’

তিনি দেশ রূপান্তরকে বলেন, আমার বড় ছেলে কাল রাতে ফোন দিয়ে জানায় ছোট ছেলে আগুনে আটকা পড়েছে। নিচে নামার চেষ্টা করছে। কিছুক্ষণ পর মোবাইল বন্ধ পাওয়া যায়। তারপর থেকে আর কোন খবর পাওয়া যায়নি। এখন লাশ শনাক্তে ডিএনএ টেস্ট করা হচ্ছে।