‘আমার মিনহাজ কোন আকাশে গেছে? আর ফিরে আসবে না। মিনহাজকে ফিরে আসতেই হবে। আমার আগে মিনহাজ যেতে পারে না। আমার সঙ্গে হজে যাবে মিনহাজ। একবার হজ করেছি এবার মিনহাজ বলেছে আমার সঙ্গে হজে যেও। আমার মিনহাজ কই উড়ে গেল।’
ছেলেকে হারিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ছেলের কথাগুলো স্মরণ করে বিলাপ করছিলেন মা আমিনা বেগম। আগুনে মারা যাওয়া সন্তানের লাশ শনাক্তের জন্য চাঁদপুর থেকে ঢাকা মেডিকেলে এসেছেন। বাবা-মায়ের ডিএনএ নেওয়া হয়েছে মিনহাজের লাশ শনাক্তের জন্য।
গতকাল বৃহস্পতিবার রাজধানী বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মিনহাজ খান মারা গেছেন। দুই বন্ধু মিলে খেতে গিয়ে যান ওই ভবনের একটি রেস্তোরায়। আগুনে মর্মান্তিক তাদের মৃত্যু হয়।