রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ বাঁচতে সাততলা থেকে লাফিয়ে মারাত্মক আহত হয়েছেন মুজাহিদুল ইসলাম জুবায়ের (২১)। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ নেতা।
গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর জুবায়ের জীবন বাঁচাতে এ ঘটনা ঘটান।
আহত মুজাহিদুল ইসলাম জুবায়ের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক। তিনি একই উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের মান্নান শেখের ছেলে।
বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুজাহিদুল ইসলাম জুবায়ের উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক। তিনি রাজধানীর বেইলি রোডের ওই ভবনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে চাকরি করতেন। ভবনে আগুন লাগার পর দৌড়ে সাততলায় আশ্রয় নেন। পরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণে বাঁচতে সাততলা থেকে লাফিয়ে পড়েন। এতে তার দুটি পা এবং কোমরের একটি হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।