হট্টগোলের মধ্যেই বিপুল ভোটে সংসদের স্পিকার আয়াজ সাদিক

পাকিস্তানের জাতীয় পরিষদের ২৩তম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পিএমএল-এন নেতা সরদার আয়াজ সাদিক। ২৯১ ভোটের মধ্যে ১৯৯ ভোট পেয়ে পিটিআই সমর্থিত প্রার্থী মালিক আমিরকে পরাজিত করেছেন তিনি। আয়াজ সাদিককে শপথ বাক্য পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।

শপথ গ্রহণ শেষে নতুন স্পিকার আয়াজ সাদিক তার নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করায় সব প্রধান রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানান। তিনি নিরপেক্ষতার সঙ্গে সংসদ পরিচালনার আশ্বাস দেন। বলেন, তৃতীয়বারের মতো এই পদে নির্বাচিত হওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাকে মনোনয়ন দেওয়ায় পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফের প্রতি কৃতজ্ঞ।

আয়াজ সাদিককে শপথ বাক্য পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ

এ সময় তিনি গণতান্ত্রিক উপায়ে রাজনীতিতে একটি ঐকমত্য তৈরি ও মতপার্থক্য বজায় রাখার আহ্বান জানান। অবশ্য এদিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য অধিবেশন শুরু হলে হট্টগোলের সম্মুখীন হয় পাকিস্তানের সংসদ। অধিবেশনের শুরুতে পিটিআই নেতা ওমর আইয়ুব তার  বক্তব্যে পিএমএল-এনকে ‘চোর’ আখ্যা দেন।

এ সময় বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ তাকে বলেন, কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশন বা আদালতে যেতে পারেন। এরপর অধিবেশনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করায় সংসদে হট্টগোল শুরু হয়। পরে স্পিকার বলেন, আপনার আপত্তি করার অধিকার আছে। কিন্তু অধিবেশনে বাধা দেবেন না। আমাকে আমার কাজ করতে দিন।