গাজীপুরের শ্রীপুরে বর্ধিত বেতন ও প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে আগুন জ্বালিয়ে আন্দোলন শুরু করে। এতে মহাসড়কের দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে আন্দোলরত শ্রমিকদের সাথে কথা বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
শুক্রবার (১ মার্চ) দুপুরে মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলস্ লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
আন্দোলকারী বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, শ্রমিকদের প্রতিমাসে ২০ তারিখে বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। আমরা বারবারই প্রতিমাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবি করে আসছি। কিন্তু কারখানা কতৃর্পক্ষ তা গুরুত্ব দিচ্ছে না।
এছাড়াও গার্মেন্টস্ শ্রমিকদের বেসিক বেতন ১৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করলেও আমরা যারা টেক্সটাইল শ্রমিক হিসেবে আছি তাদের বেসিক বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। আমরা এ সব বিষয় কারখানা কর্তৃপক্ষের নজরে আনলেও তারা আশ্বাস দিয়েই যাচ্ছেন। কোনো সমাধান করছেন না। তাই নিরুপায় হয়ে আন্দোলনে নামে সবাই।
স্থানীয়রা জানান শ্রমিকরা মারমুখো হলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় মহাসড়ক থেকে আন্দোলন শ্রমিকদের হটিয়ে দিয়ে মহাসড়ক স্বাভাবিক করা হয়। থানা পুলিশ, শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
শিল্প পুলিশের ইনচার্জ মিনহাজ আবেদীন জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হলে বিকালের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কারখানার ভেতরে শ্রমিকদের আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হচ্ছে। দ্রুতই শ্রমিকদের সমস্যা মিটে যাবে।
তবে এ ব্যাপারে কারখানার পক্ষ থেকে কোনো কর্মকর্তা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। বিভিন্নভাবে চেষ্টা করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।