ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে যা বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, গত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নারী ও শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১ মার্চ) এক কংগ্রেসম্যান ইসরায়েল কতজন ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা করেছে জানতে চাইলে তিনি এ কথা বলেন। তবে পরে পেন্টাগন তাদের ব্যাখ্যায় বলেছে, প্রতিরক্ষামন্ত্রী গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া মৃত্যু সংখ্যার কথা উল্লেখ করেছিলেন।

তবে এদিন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ওই কংগ্রেসম্যান বলেন, ‘বিশ্বাসযোগ্য পরিকল্পনা’ ছাড়া রাফায় হামলা চালালে ইসরায়েলের কাছে সামরিক অস্ত্র বিক্রি বন্ধ হবে কিনা জানতে চাইলে অস্টিন বলেন, এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট জো বাইডেন নেবেন। তিনি বলেন, আমি আশা করি যখন আমরা মিত্র ও অংশীদারদের অস্ত্র সরবরাহ করব, তখন তারা দায়িত্বশীলভাবে সেগুলো ব্যবহার করবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় ১১৬০ জন নিহত হয়। এর জবাবে ইসরায়েল গাজায় একের পর এক হামলা চালানো শুরু করে যা এখনো অব্যাহত রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্রদের প্রতি জোরালো সমর্থন দিলেও ওয়াশিংটন সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি এবং বেসামরিক হতাহতের সংখ্যা হ্রাসের জন্য চাপ দিয়ে আসছে।

অস্টিনের বক্তব্যের পর পেন্টগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, মন্ত্রী হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানের বরাত দিয়ে বলেছেন গাজায় ইসরায়েলি হামলায় ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আমরা নিরপেক্ষভাবে গাজায় হতাহতের পরিসংখ্যান যাচাই করতে পারিনি।

এক মাসেরও বেশি সময় আগে ২১ জানুয়ারিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বলা হয়, গাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। তবে বৃহস্পতিবার বলা হয়, উপকূলীয় এ ভূখণ্ডে প্রায় পাঁচ মাস ধরে চলা সংঘাতে আরো অনেক মানুষ নিহত হওয়ায় এ সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।