২০২৩ সালে পাকিস্তানজুড়ে কমপক্ষে চার হাজার ২১৩ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। গড়ে প্রতিদিন নির্যাতনের শিকার হয়েছে ১১ জন শিশু। শিশু সুরক্ষা নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা (এনজিও) সাহিলের প্রতিবেদন ‘ক্রুয়েল নাম্বারস ২০২৩’-এ বিষয়টি উঠে এসেছে।
জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান মানবাধিকার কমিশনের সহায়তায় করা ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ইসলামাবাদ, আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট-বালটিস্তানসহ কয়েকটি প্রদেশে এসব শিশু নির্যাতনের ঘটনা ঘটে। এর মধ্যে রয়েছে যৌন নিপীড়ন, অপহরণ, নিখোঁজ ও বাল্য বিয়ের ঘটনাও।
বিশ্লেষণে দেখা যায়, শিশু নির্যাতনের ঘটনাগুলোর মধ্যে দুই হাজার ২৫১ জন মেয়ে এবং এক হাজার ৯৬২ জন ছেলে। বেশি নির্যাতনের শিকার হয়েছে ৬ থেকে ১৫ বছর বয়সী শিশুরা। অপরদিকে বেশিরভাগ নিপীড়নের ঘটনার সঙ্গে শিশুদের তাদের আত্মীয়-স্বজন, পরিবারের সদস্যরা জড়িত বলে প্রতিবেদনে উঠে এসেছে ।
মানবাধিকার কমিশনের চেয়ারপারসন রাবিয়া জাভেরি বলেছেন, পাকিস্তানে শিশু নির্যাতনের বিষয়টি গুরুত্ব সহকারে মোকাবিলা করতে হবে। সাহিল যে সংখ্যার কথা উল্লেখ করেছে তা নিঃসন্দেহে নিষ্ঠুর। এমন উদ্বেগজনক পরিসংখ্যান সত্ত্বেও সরকারের এখনো শিশু নির্যাতনের বিষয়ে জাতীয় কর্ম পরিকল্পনা নেই।