বেইলি রোড ট্রাজেডির বিচার চায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

রাজধানির বেইলি রোডে বহুতল ভবনে অগ্নি দুর্ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬ জন ও গুরুতর আহত হয়েছেন আরো ২২ জনের বেশি। বেদনাদায়ক এই দুর্ঘটনায় শোক জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শুক্রবার (০১ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শোক জ্ঞাপন করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে একটি ভবনে অগ্নি দুর্ঘটনায় ৪৬ জন মানুষ মৃত্যুবরণ করেছেন যা খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক। এই দুর্ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীরভাবে শোকাহত এবং মর্মবেদনা অনুভব করছে। মহান আল্লাহ তা'য়ালার কাছে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরম করুনাময় যেন শোকাহত পরিবারকে ধৈর্য্য ধারণের তৌফিক দান করেন।

দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে সংগঠনটির সভাপতি তুষার কান্তি সাহা বলেন, রাজধানীর বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সকলের আত্মার শান্তি কামনা করছি ও সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেই ব্যপারে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য সরকার ও যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান জানাই।

ঘটনার সঠিক কারণ খুঁজে বের করে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, এ ধরনের দুর্ঘটনা সমাজ ও রাষ্ট্রের জন্য দুঃখজনক। এ ধরনের ঘটনা কেনো ঘটছে, তা খতিয়ে দেখা উচিত। এতে কর্তৃপক্ষের যদি কোনো অবহেলা থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। ভবন নির্মাণ বা অনুমোদন সম্পর্কিত কোনো অসামঞ্জস্যতা থাকলে মালিক পক্ষকে দ্রুত বিচারের আওতায় আনা হোক। যাতে পরবর্তীতে কোনো পরিবারে কালো মেঘ নেমে না আসে এবং এ ধরনের ঘটনা যেনো পুনরায় না ঘটে।