মন্ত্রিসভায় নতুন ৭ প্রতিমন্ত্রী

নতুন শপথ নেওয়া প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে তারা গতকাল শুক্রবার সন্ধ্যায় শপথ নিয়েছেন।

নওগাঁ-২ আসনের সংসদ সদস্য (এমপি) শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা প্রতিমন্ত্রী, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী করা হয়েছে।

এ ছাড়া সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহারকে শিক্ষা প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খানকে অর্থ প্রতিমন্ত্রী, সংরক্ষিত আসন থেকে টানা দ্বিতীয়বার এমপি হওয়া নাহিদ ইজাহার খানকে সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার

নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল ৩৭ জন। প্রধানমন্ত্রীর বাইরে পূর্ণমন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ছিলেন ১১ জন। বর্তমানে মন্ত্রিসভার সদস্য বেড়ে ৪৪ জন হলো এবং তাদের মধ্যে প্রতিমন্ত্রী ১৮ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর কাছেই ছিল।