বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সমাবেশে সভাপতির বক্তব্যে জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বিদ্যুতের দাম ১ মার্চ থেকে বাড়ানোর কথা থাকলেও সরকার ফেব্রুয়ারির শুরুতেই দাম বাড়িয়েছে। শুধু তাই নয় বিদ্যুৎ উৎপাদনে যে গ্যাস লাগে তার দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। অতীতে এমন ঘটনা কখনো ঘটেনি।
গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন।
সরকার কতটা দেউলিয়া হলে এমন কাজ করতে পারে, এমন মন্তব্য করে প্রিন্স বলেন, ‘বিদ্যুৎ নিয়ে সরকারের গালগল্পের শেষ নেই। অথচ সরকারের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে, বলা হচ্ছে, নিয়মিত লোডশেডিংয়ের জন্য প্রস্তুত থাকুন।’
সরকারের ভুলনীতি ও দুর্নীতির কারণে জ¦ালানি ও বিদ্যুৎ খাতের দুরবস্থা বলে মন্তব্য করে বাম জোটের সমন্বয়ক বলেন, ‘প্রকৃত আয় কমে যাওয়া সাধারণ মানুষের কাঁধে আবারও এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রিন্স অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও বিদ্যুতের ভুলনীতি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। এ ছাড়া আগামী ৩ মার্চ থেকে সপ্তাহব্যাপী সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির ঘোষণা দেন। এর মধ্যে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে জ¦ালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) নেতা ডা. জয়দ্বীপ ভট্টাচার্য, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা শামীম ইমাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল আলীম ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আমেনা আক্তার।