দায়িত্বশীল কর্তৃপক্ষের তদারকির অভাব ও অবহেলায় বার বার অগ্নিকান্ডের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বেইলি রোডের অগ্নিকান্ডে অবশ্যই অসচেতনতা ও অবহেলা ছিল।
গতকাল বিকেলে বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনাস্থল এবং হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঘটনান্থল পরিদর্শন করে কামাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশে অধিকাংশ ভবনে অগ্নিপ্রতিরোধক ব্যবস্থা নেই। অগ্নিকান্ডের ঝুঁকিগুলো জানার পরেও ভবনগুলোতে দিনের পর দিন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় না। এই অগ্নিকান্ডে অবশ্যই অসচেতনতা ছিল, অবহেলা ছিল। এত বড় একটি বাণিজ্যিক ভবনে ফায়ার এক্সিট থাকবে না? আর এটা না থাকার কারণে মানুষ অনেক চেষ্টা করেও বের হতে পারেনি।’