গাজীপুর মহানগরের বাংলাবাজার এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে বাংলাবাজার এলাকায় ভাওয়াল মির্জাপুর-রাজেন্দ্রপুর সড়কের পাশে ওই মানববন্ধন হয়।
এক ঘণ্টার মানববন্ধন শেষে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম সাংবাদিক জানান, আমি সড়কের পাশে খোলাস্থানে বসে তৈরি পোশাক কারখানার বিভিন্ন পণ্য বিক্রি করি। স্থানীয় কয়েক চিহ্নিত চাঁদাবাজ ও তাদের লোকজন প্রতিদিন সন্ধ্যার পরে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে নেয়। চাঁদা না দিলে তারা আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। তারা আমাদের বিভিন্ন হুমকি দিয়ে চাঁদা দিতে বাধ্য করে। এ ব্যাপারে অভিযুক্ত রাশেদ আহমেদ মেনন জানান, কোনো প্রকার চাঁদাবাজির সঙ্গে তিনি বা তার কোনো লোকজন জড়িত নন। তার বিরুদ্ধে আনিত চাঁদাবাজির অভিযোগ তিনি অস্বীকার করেছেন। গাজীপুর মহানগরের সদর থানার ওসি রাফিউল করিম জানান, বিষয়টি অন্যের মাধ্যমে শুনেছি।