হজযাত্রীরা এখন থেকে আবাসিক ভবনে থাকতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরব সরকার। ইতিমধ্যে মক্কায় হজযাত্রীদের জন্য ১ হাজার ৮৬০ ভবনকে অনুমতি দেয়া হয়েছে।
সৌদির সরকারী প্যানেলের তথ্য অনুযায়ী, এসব অনুমোদিত ভবনে প্রায় ১২ লাখ হজ যাত্রী থাকতে পারবেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মেশাল বলেন, শাওয়াল মাস পর্যন্ত হজযাত্রীদের জন্য আবাসিক ভবনের লাইসেন্স দেয়া হবে। এতে করে পবিত্র নগরী মক্কায় অনুমোদিত লাইসেন্স প্রদান-কৃত ভবনের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
গতবছর হজ মৌসুমে বিশ্বব্যাপী ২০ লাখ হজযাত্রী হজ পালন করেন। করোনা মহামারির পর সর্বোচ্চ সংখ্যক মুসল্লি গত বছর হজ পালন করেন।
এ বছর হজ-যাত্রীদের জন্য গতকাল শুক্রবার (১ মার্চ) থেকে ভিসা প্রদান শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। যা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। চলতি বছরের ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যাবেন হজ-যাত্রীরা।