ভারত থেকে চলতি সপ্তাহে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি শুরু হবে বলে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ভারত পেঁয়াজ ছাড়ের নির্দেশ দিয়েছে, আমরা গতকাল সে চিঠি পেয়েছি। দেশটি থেকে ৫০ হাজার টন পেঁয়াজ এ সপ্তাহের মধ্যে আসা শুরু হবে।
চলতি সপ্তাহে খেজুরের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, খেজুর প্রায় ১০ প্রকার। ব্যবসায়ীদের একমাস সময় দিয়েছি দাম কমানোর। বস্তায় আসা জায়েদি খেজুরের দাম আগামীকাল নির্ধারণ করে দেওয়া হবে। এ সপ্তাহ থেকে সর্বোচ্চ খুচরা ও পাইকারী মূল্য নির্ধারণ করে দেওয়া হবে। এতে দাম কমে আসবে বলে আশা ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী।
শনিবার (২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান অন্ট্রাপ্রেনারস বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠান শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আহসানুল ইসলাম টিটু বলেন, আগামীকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রি হবে। ভোজ্যতেলের মনিটরিং শুরু হয়েছে। আজ সকাল থেকেও সব মিলগেটে টিমগুলো মনিটরিংয়ে আছে। কাল থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রি হবে। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়।
শুধু রমজান নয়, বাকি সময়ও বাজার স্বাভাবিক থাকবে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, যৌক্তিক কারণ ছাড়া রমজানে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য দেরিতে ছাড়ের সুযোগ নেই। আমাদের টার্গেট শুধু রমজান নয়, রমজান মাসের পরও নিত্যপণ্যের বাজার স্বাভাবিক থাকবে।