পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় পুলিশের ওপর হামলা চালিয়ে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবলীগ নেতা সাগর মাদবরকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাগর মাদবর বড় জেলার গোপালপুর ইউনিয়নের টেকেরকান্দি এলাকার কুদ্দুস মাদবরের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতিও। তার বিরুদ্ধে থানায় মারামারি, হত্যাচেষ্টাসহ আটটি মামলা চলমান।

পুলিশ ও র‍্যাব সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের সূর্যমণি বাজারে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আরিফ মাদবর ও সবুজ মাদবরকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি সাগর মাদবর ও তার লোকজন ডাকাত বলে চিৎকার দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদকসহ আসামিদের ছিনিয়ে নেয়। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার দুপুরে পুলিশের উপসহকারী পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে সাগর মাদবরসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন। এ ঘটনার পর থেকে গা ঢাকা দেন যুবলীগ নেতা সাগর মাদবর। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সাগর মাদবরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান।