মন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে ট্রেনে উঠবেন না: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, আমার এলাকার অনেকেই রেলে চড়ে মন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। টিকিট ছাড়া কেউ পরিচয় দিয়ে ট্রেনে উঠবেন না। ভালো আচরণ করবেন। কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না।

শনিবার (২ মার্চ) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, রাজবাড়ীকে পুনরায় রেলের শহর বানানো হবে। রেলের সকল প্রকার দুর্নীতি রোধ করে, রেলকে আধুনিক সেবার মান উপযোগী করে সাজাতে হবে। যারা বেআইনিভাবে রেলের জায়গা দখল করে আছে, তাদের জায়গা থেকে উচ্ছেদ করা হবে। রেলে জায়গা ভোগ-দখল করতে হলে লিজ নিতে হবে। কোনো জবরদখলকারীকে ছাড় দেওয়া হবে না।

বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।