লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় ফজলুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২ মার্চ) বিকেলের দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের গোল্ডেন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ওই এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে জেলা শহরের পৌর এলাকা থেকে একটি অটোরিকশা পণ্য বোঝাই করে গোকুন্ডা ইউনিয়নের দিকে যাচ্ছিল। এ সময় নিহত ফজলুল হক তার বাড়ি থেকে রাস্তা পারাপার হতে গেলে দ্রুতগতির একটি অটোরিকশাটি তাকে ধাক্কা দিলে তিনি চাকার নিচে পড়ে যান। এ সময় অটোরিকশার চাকা তার পেটের উপর দিয়ে চলে যায়। এতে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয় লোকজন ঘাতক অটোরিকশা ও চালককে আটক করে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানায়, বিষয়টি তিনি জেনেছেন। নিহত ব্যক্তি অসুস্থ ছিলেন। খুব সম্ভবত তিনি রাস্তা পারাপার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় মারা যান। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে আছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।