সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের আগের তিন ম্যাচে ইনজুরির কারণে দলে ছিলেন না ডারউইন নুনেজ। আজ প্রিমিয়ার লিগ ম্যাচে নটিংহ্যামের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন ৬০ মিনিটে।
ম্যাচের ৯০ মিনিট শেষ, গোল পায়নি কোন দল। ইনজুরি সময়ের শেষ দিকে যেন গোল চুরি করে নিলেন নুনেজ। তার একমাত্র গোলে লিভারপুল হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। যোগ করা সময়ের নবম মিনিটে কর্নার থেকে ম্যাক আলিস্টারের অ্যাসিস্টে পাওয়া বল হেডে জালে পাঠান নুনেজ।
গত মৌসুমে নটিংহ্যামের মাঠে হারতে হয়েছিল অলরেডদের। এবারও লিভারপুল এক পয়েন্ট নিয়ে ফিরলে, পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ তৈরী হতো ম্যানচেস্টার সিটির। তবে নুনেজের গোলে পাওয়া জয়ে তিন পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে নিরাপদেই রইল ইয়ুর্গেন ক্লপের দল।
২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট লিভারপুলের। এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৫৯। আগামীকাল ম্যানসিটি নিজেদের ম্যাচে জিতলেও এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকবে।
একই সময়ে হওয়া আরেক ম্যাচে মাঠে নেমেছিল ব্রেন্টফোর্ড ও চেলসি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।