দুরন্ত টিভিতে অনুষ্ঠিত হয়ে গেল স্কুলভিত্তিক কুইজ শো ‘সবজান্তা’র ফাইনাল পর্ব। সব উত্তেজনার অবসান ঘটিয়ে বিজয়ের মুকুট নিজেদের করে নিয়েছে ‘বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’। সারা দেশ থেকে বাছাইকৃত ৬৪টি স্কুলের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে নানান ধাপ অতিক্রম করে ফাইনালে জায়গা করে নেয় ‘বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ ও ‘হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়’।
অবশেষে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি তুমুল উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে ‘বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ বিজয়ী হয়। বিজয়ী শিক্ষার্থীরা হলো ৫ম শ্রেণির মো. আবির হোসেন ও তাহিয়া ফারহিন এবং ৬ষ্ঠ শ্রেণির রাইদাহ ফারজিনা স্ফিয়াহ ও ইশরাত জাহান। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার-আপ এবং
তৃতীয় স্থান বিজয়ী দলকে দুরন্ত টিভির পক্ষ থেকে দেওয়া হয় এক বছরের শিক্ষাবৃত্তি, বই, সার্টিফিকেট ও দুরন্ত স্মারক। বিজয়ী দলগুলোর হাতে এই উপহার তুলে দেন বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাজু খাদেম এবং পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার।