দেশে আসা ইউরোপের বিভিন্ন দেশের ৪৭ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের ফ্রি চিকিৎসা ও চিকিৎসকদের সঙ্গে রোগ শনাক্তের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করছেন। কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার মৌলভীবাজারের ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালে ‘ফ্রি মেডিকেল ক্যাম্পে’ অংশ নেন তারা।
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) সভাপতি এম এ মুবিন খান ও যুক্তরাজ্যের তাফিদা রাকিব ফাউন্ডেশনের (টিআরএফ) সভাপতি ও প্রতিষ্ঠাতা সেলিনা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টিআরএফ এসব চিকিৎসককে দেশে এনেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইম্পেরিয়াল হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হয় ওষুধ। হাসপাতালের এমন উদ্যোগের প্রশংসা করেন সেবা নিতে আসা রোগীরা। তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন ইম্পেরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতার প্রতি।
গতকাল মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
এর আগে এসব বিদেশি চিকিৎসকরা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা দেন। যুক্তরাজ্যভিত্তিক মানবিকসেবা সংস্থা। টিআরএফের আয়োজনে ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ক্যাম্প চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিপিএমসিএ ও টিআরএফের যৌথ আয়োজনে ঢাকায় ‘একবিংশ শতাব্দীতে চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি, গবেষণা ও উদ্ভাবন’-বিষয়ক সম্মেলনে অংশ নেন সফররত এসব চিকিৎসক। তারা ধরাবাঁধা পথে রোগ শনাক্ত করা ও চিকিৎসা দেওয়া সম্ভব না হলে বিকল্প পন্থার কথা মাথায় রাখার পরামর্শ দেন। ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও বিপিএমসিএ সভাপতি এম এ মুবিন খান বলেন, ‘দেশের চিকিৎসকরা যেন দেশে বসেই উন্নত সব টেকনোলজি ব্যবহার করে গবেষণা ও উদ্ভাবন বিষয়ে জানতে পারেন, সেজন্যই আমরা সম্মেলনের আয়োজন করেছি।’
এ বিষয়ে টিআরএফ সভাপতি ও প্রতিষ্ঠাতা সেলিনা বেগম বলেন, ‘বিভিন্ন দেশে দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করে আসছে তাফিদা রাকিব ফাউন্ডেশন। বাংলাদেশে আমরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’