‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না থাকলে উন্নয়ন কষ্টসাধ্য’

নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না থাকলে উন্নয়ন কষ্টসাধ্য। তাই বাংলাদেশ পুলিশের সার্ভিস অত্যন্ত অপরিহার্য। গতকাল শনিবার পুলিশ সপ্তাহ ২০২৪-এর পঞ্চম দিনে রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় সভায় প্রস্তাবিত বিষয়গুলো গুরুত্বসহ বিবেচনার আশ্বাস দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মানজুরুল মান্নান উপস্থিত ছিলেন। এ ছাড়া পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা থেকে শুরু করে আজ পর্যন্ত দেশের যেকোনো সংকট ও প্রয়োজনে দায়িত্ব পালনে কুণ্ঠিত হয়নি।