ঝিনাইদহ সীমান্ত থেকে ৫টি সোনার বার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সোনার ওজন পাঁচ কেজি। গতকাল শনিবার দুপুরে উপজেলার মাটিলা সীমান্ত থেকে এসব বার উদ্ধার করা হয়।

বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘ভারতে সোনা পাচারের গোপন সংবাদে বিজিবি সদস্যরা মাটিলা সীমান্তে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি প্যাকেট ফেলে ভারতে পালিয়ে যায়। ওই প্যাকেটের ভেতর থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়; যার ওজন পাঁচ কেজি। আনুমানিক ৪ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।’